পুলিশে ১৪ হাজার নিয়োগের অনুমোদন, কনস্টেবল ১০ হাজার ও এসআই ৪ হাজার, নিয়োগ প্রক্রিয়া কেমন হবে?

বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার সদস্য নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল ও চার হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সচিব কমিটির অনুমোদনসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ায় এখন নিয়োগ কার্যক্রম শুরুর অপেক্ষা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনুমোদিত ১৪ হাজার পদের মধ্যে এসআই পদে এবার সরাসরি চার হাজার জনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে। আগে এসআই পদের অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে এবং বাকি অর্ধেক বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতো।

এদিকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ৪০০ থেকে ৫০০ কর্মকর্তা নিয়োগের জন্য বিশেষ বিসিএস আয়োজনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

যে কোনো সময় শুরু হতে পারে নিয়োগ কার্যক্রম

পুলিশে বড় পরিসরে নিয়োগের সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ১০ হাজার কনস্টেবল ও চার হাজার এসআই নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পাশাপাশি সচিব কমিটির সম্মতিও পাওয়া গেছে। ফলে বাংলাদেশ পুলিশ এখন যেকোনো সময় নিয়োগ কার্যক্রম শুরু করতে পারবে।

চলমান বিজ্ঞপ্তিতে ছয় হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানান, চলমান কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে সারা দেশ থেকে অনলাইনে আবেদন করেছেন ১ লাখ ২ হাজার ৬৯৪ জন।

পুলিশে বর্তমানে দুই হাজার কনস্টেবলের পদ শূন্য রয়েছে। এর বাইরে নতুন করে ১০ হাজার কনস্টেবল নিয়োগের অনুমোদন পাওয়া গেছে। সব মিলিয়ে চলমান নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে প্রথম ধাপে ছয় হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দুই হাজার শূন্য পদের বিপরীতে এবং নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও চার হাজার জন নিয়োগ পেতে পারেন।

বাকি ছয় হাজার পদ পরবর্তী সময়ে নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত ৯ অক্টোবর সারা দেশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ চলে ৩০ অক্টোবর পর্যন্ত। তবে ওই বিজ্ঞপ্তিতে কতজন নিয়োগ দেওয়া হবে, তা উল্লেখ করা হয়নি।

এবার প্রতি পদের বিপরীতে প্রতিযোগী কমতে পারে

চলমান বিজ্ঞপ্তিতে ছয় হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হলে আগের নিয়োগের তুলনায় প্রতিযোগিতার হার কমতে পারে।

গত এপ্রিলের নিয়োগ বিজ্ঞপ্তিতে ২ হাজার ৭০৩টি পদের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ২৬ হাজার প্রার্থী। সে হিসাবে প্রতিটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গড়ে ৪৭ জন।

অন্যদিকে এবার ১ লাখ ২ হাজার ৬৯৪টি আবেদনের বিপরীতে ছয় হাজার পদ পূরণ করা হলে প্রতি পদের জন্য প্রতিযোগী দাঁড়াবে প্রায় ১৭ জন। ফলে আগের তুলনায় চাকরিপ্রার্থীদের প্রতিযোগিতার চাপ কিছুটা কমতে পারে।

কনস্টেবল নিয়োগে যেসব পরীক্ষা দিতে হবে

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেতে প্রার্থীদের কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। শুরুতে আবেদনকারীদের প্রাথমিক যাচাই-বাছাই করা হবে। এরপর শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা পরীক্ষা নেওয়া হবে।

এসব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিতে হবে। সব ধাপের ফলাফল এবং নির্ধারিত যোগ্যতা যাচাই শেষে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।

এসআই নিয়োগেও থাকছে একাধিক ধাপ

উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগের ক্ষেত্রেও কয়েক ধাপে যাচাই-বাছাই করা হবে। প্রথমে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হবে। এরপর দৌড়সহ শারীরিক সক্ষমতা যাচাইয়ের ধাপ পার হতে হবে।

পরবর্তী সময়ে লিখিত পরীক্ষা ও কম্পিউটার দক্ষতা যাচাই করা হবে। সবশেষে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি ধাপের ফলাফল এবং অন্যান্য যোগ্যতা বিবেচনা করে পুলিশ সদর দপ্তর চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে।

তবে কনস্টেবল ও এসআই—উভয় পদের নিয়োগেই মেধা ও যোগ্যতার পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রার্থীদের যাচাই করা হবে। আবেদনপত্রে কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া হলে কিংবা নিয়োগের যেকোনো পর্যায়ে এমন তথ্য ধরা পড়লে প্রার্থিতা বাতিল করা হতে পারে।

এসআই ও কনস্টেবলের দায়িত্ব কী?

পুলিশের মাঠপর্যায়ে একজন উপপরিদর্শক বা এসআই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ, ফৌজদারি মামলার তদন্ত, অপরাধ দমন, আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কাজ তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে। পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম পরিচালনাও করতে হয়।

অন্যদিকে কনস্টেবলরা পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন অভিযান ও দায়িত্ব পালনে তাঁরা সরাসরি যুক্ত থাকেন।

বেতন কত, থাকছে যেসব সুযোগ-সুবিধা

জাতীয় বেতন স্কেল অনুযায়ী, এসআই পদটি দশম গ্রেডের। এ পদে মূল বেতন ১৬ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত।

অন্যদিকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদটি ১৭তম গ্রেডের। প্রশিক্ষণ শেষে স্থায়ীভাবে নিয়োগ পাওয়ার পর একজন কনস্টেবলের মূল বেতন ৯ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ২১ হাজার ৮০০ টাকা পর্যন্ত হতে পারে।

মূল বেতনের পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা, ঝুঁকি, উৎসব, টিফিন ও যাতায়াত ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। এ ছাড়া পোশাক, নিজের ও পরিবারের জন্য স্বল্পমূল্যে রেশন এবং উন্নত চিকিৎসাসেবার সুবিধাও দেওয়া হয়। প্রশিক্ষণ চলাকালেও নির্ধারিত ভাতা ও আবাসনের ব্যবস্থা থাকে।

চাকরিতে যোগদানের পর অভিজ্ঞতা, যোগ্যতা ও পদোন্নতির নিয়ম অনুযায়ী উভয় পদ থেকেই উচ্চতর পদে যাওয়ার সুযোগ রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *